চাঁদনীর চকে ব্যবসায়ীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩১
রাজধানীর চাঁদনী চক মার্কেটে এক ব্যবসায়ীর ছুরিকাঘাতে অপর ব্যবসায়ী খোকন মোল্লা (৩৩) নিহত হয়েছেন।
 
বুধবার দুপুর ৩টার দিকে চাঁদনী চক মার্কেটের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে বাবুল ব্যাপারী নামে আরো এক ব্যবসায়ী আহত হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। আহত বাবুল ব্যাপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান জানান, কয়েকদিন আগে খোকন মোল্লা এক ব্যবসায়ীকে মারধর করেন। ওই ব্যবসায়ীর বন্ধু হলেন শাহাবুদ্দিন।চাঁদনী চক মার্কেটে শাহাবুদ্দিনের একটি কসমেটিকের দোকান রয়েছে।
 
ভুক্তভোগী ওই ব্যবসায়ী খোকন মোল্লার বিরুদ্ধে শাহাবুদ্দিনের কাছে অভিযোগ করেন। দুপুরে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহাবুদ্দিন ছুরি দিয়ে খোকন মোল্লাকে আঘাত করেন। এ সময় বাবুল ব্যাপারী থামাতে গেলে তিনিও আহত হন। খোকন মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর শাহাবুদ্দিন পালিয়ে গেছে।
 
 
ইত্তেফাক/উজ্জল