কর্নেল কাদেরের বসতবাড়ি-পুকুর-ডোবায় ব্যাপক তলাশি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২১:৩৯
গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ার পর হত্যাকারী সন্দেহে গ্রেফতারকৃত সাবেক এমপি কর্নেল (অব.) ডাক্তার আব্দুল কাদের খানের উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী খান পাড়া গ্রামের বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে।
বিস্ফোরক দ্রব্য ও অবৈধ অস্ত্রের সন্ধ্যানে বুধবার পুলিশের ডিআইজি বশির আহম্মেদ এর নেতৃত্বে বসতবাড়ির আশপাশ ও ঝোপঝাড়সহ পুকুর ডোবায় ব্যাপক তল্লাশি চালানো হয়। 
 
তল্লাশি শেষে অতিরিক্ত ডিআইজি বশির আহম্মেদ জানান, এখন পর্যন্ত কোন বিস্ফোরক দ্রব্যসহ অবৈধ অস্ত্রের সন্ধান পাওয়া যায়নি। গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম জানান, পুকুর ডোবায় দমকল বাহিনীর ডুবুরীসহ তল্লাশি দল কোন অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের সন্ধান পায়নি। অধিকতর তল্লাশির জন্য রংপুর থেকে দমকল বাহিনীর ডুবুরী দলকে তলব করা হয়েছে। IMG0
 
গাইবান্ধা পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান, কর্নেল (অব.) ডাক্তার আব্দুল কাদের খান বিভিন্ন এলাকা থেকে যুবকদের ছাপড়হাটীর নিজ বাসায় ডেকে নিয়ে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিয়ে আসছিলেন এমন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের সন্ধ্যানে তল্লাশি অব্যাহত আছে। এখন পর্যন্ত অবৈধ বিস্ফোরক ও অস্ত্রের কোন সন্ধান পাওয়া যায়নি। 
 
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমানসহ পুলিশের কর্মকর্তরা। তল্লাশি চলাকালে হাজার হাজার উৎসুক জনতা পুকুর পাড় ও কাদের খানের বাড়ির আশপাশে ভিড় করতে থাকে। বুধবার সন্ধ্যায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা কাদের খানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে। IMG1
 
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাস্টারপাড়া গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়।  
 
ইত্তেফাক/মাহমুদুল