‘বাংলা ভাষার প্রতিটি অক্ষরে ভাষা শহীদরা মিশে আছে’

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩৯
 
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাংলা ভাষার প্রতিটি অক্ষরের মাঝে ভাষা শহীদরা মিশে আছে। ভাষা শহীদদের মতো দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। গতকাল বুধবার বাংলাদেশ শিশু একাডেমিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ‘আলোচনা সভা ও ভাষা আন্দোলনের স্মৃতিচারণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
 
মেহের আফরোজ চুমকি বলেন, এখনো বাংলাদেশের ইতিহাস বিকৃত করার জন্য একটি মহল তত্পর রয়েছে। যারা ‘৫১ দেখেনি, ‘৭১ দেখেনি, তাদেরকে ‘৫২, ‘৭১  এর ইতিহাস জানানো আমাদের কর্তব্য।
 
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য কবি কাজী রোজী বলেন, প্রাণের বিনিময়ে বাংলা ভাষা এখন প্রাণ পেয়েছে। একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ড. শরিফা খাতুন বলেন, আজকে শিশুরা যে ভাষায় কথা বলে, তা অর্জন করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। ভাষা আন্দোলনের অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি প্রথম আমি গুলির আওয়াজ শুনতে পাই। ভাষা আন্দোলনের ইতিহাস শিশুদের মাঝে বলতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আরেক ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু বলেন, একুশ ছিল বাঙালি জাতির বেঁচে থাকার লড়াই।
 
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের  সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘বাংলাদেশ শিশু একাডেমির কেন্দ্রীয় কার্যালয় ও  রাঙামাটি জেলা শাখার প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আমন্ত্রিত ছড়াকারদের ছড়াপাঠ অনুর্িষ্ঠত হয়। এ সময় শিশুদের ছড়া পাঠ করে শোনান  রফিকুল হক দাদুভাই, আসলাম সানি, সুকুমার বড়ুয়াসহ আরো অনেকে।