মহাসড়কে যানবাহন থামিয়ে হাতি দিয়ে চাঁদাবাজি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:২১

মহাসড়কে  চলমান যানবাহনের সামনে শুঁড় উঁচিয়ে বিশাল দেহের হাতি। হাতি দেখে চালকরা তাদের যানবাহন থামিয়ে দিচ্ছেন স্বাভাবিকভাবেই। না এটি কোনো বন্যহাতি নয়। পিঠে বসে একজন এই প্রাণীটিকে পরিচালনা করছেন। তার কৌশলেই হাতিটি চালকদের কাছ থেকে ১০, ২০, ৫০ টাকা করে নিয়ে জমা দিচ্ছে পিঠে বসা ওই যুবককে। এভাবেই হাতি দিয়ে চাঁদাবাজি করছে সিরাজগঞ্জের একটি সার্কাস দলের সদস্য নয়ন মণ্ডল। তার ভাষ্যমতে, বেশ কিছুদিন আগে তারা হাতি নিয়ে কুষ্টিয়ায় সার্কাস দেখাতে যায়। সার্কাস শেষ হয়েছে। এজন্য বৃহস্পতিবার হাতি নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়েছে। পথে কিছু বাড়তি আয়ের জন্য তারা এভাবে মহাসড়কে বাস-ট্রাক থামিয়ে টাকা তুলছে। তাদের এই বাড়তি আয়ের পথটি হতে পারে একটি দুর্ঘটনার কারণ। কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত একইভাবে তারা যানবাহন থামিয়ে টাকা তোলেন। কিন্তু হাইওয়ে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। গতকাল টাকা তোলার সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এভাবেই একাধিক বাস-ট্রাক সাময়িক যানজটে পড়ে। গতকাল দুপুরে ছবিটি তোলা হয়েছে।

ইত্তেফাক/নূহু