পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ আহত মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩২
পাবনায় ‘বন্দুকযুদ্ধে’  মাদক ব্যবসায়ী আবু হানিফ ওরফে বার্মা লিটনকে (৩২) গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি ও ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার দিবাগত রাত তিনটার দিকে পাবনা সদর উপজেলার পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম জানান, পাবনা ডিবি পুলিশের একটি দল রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেবুনিয়া মাহসড়কে একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দিলে চালক পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় ডিবি পুলিশ পাল্টা গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আবু হানিফ ওরফে বার্মা লিটনকে আটক করা হয়। 
 
লিটনকে আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি পাবনা সদর উপজেলার লস্করপুর গ্রামের হাসান মুন্সির ছেলে। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দু’টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় পাবনা ডিবি পুলিশের পক্ষ থেকে লিটনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  
 
ইত্তেফাক/মাহমুদুল