‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হোক প্রিয় প্রজন্ম’ এই স্লোগানকে সামনে রেখে বুধবার থেকে লৌহজংয়ে শুরু হচ্ছে ৭দিন ব্যাপী ‘মুক্তিযুদ্ধের নাট্যমেলা’। লৌহজং কলেজ মাঠে এ মুক্তিযুদ্ধের নাট্য মেলার আয়োজন করেছে লৌহজং উপজেলা আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সাবেক হুইপ স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে লৌহজং উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, নাট্যকার পিয়ার মোহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক রাজীব প্রমুখ।
সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার সংবাদ সম্মেলনে জানান, স্বাধীনতার মাসে মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে ও আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে লৌহজং উপজেলা আওয়ামী লীগ দ্বিতীয়বারের মত এ মুক্তিযুদ্ধের নাট্য মেলার আয়োজন করেছে। নাট্যমেলার পৃষ্ঠপোষকতা করছেন রপ্তানীমুখী পাঞ্জাবির প্রতিষ্ঠান ‘মান্যবর’ বাংলাদেশ।
ইত্তেফাক/মাহমুদুল
