জনগণকে কষ্ট না দিয়ে আদালতে বক্তব্য তুলে ধরেন: আইনমন্ত্রী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৯
 
পরিবহন শ্রমিকদের উদ্দেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জনগণকে কষ্ট না দিয়ে আপনারা আদালতে এসে আপনাদের বক্তব্য তুলে ধরেন। আপনাদের বক্তব্য যদি যুক্তিসংগত হয়, তবে তা দেখা হবে। যুক্তিসংগত না হলে দেখা হবে না।’
 
মঙ্গলবার সচিবালয়ে রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় নিয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
 
কুনিও হোশি হত্যা মামলার রায় নিয়ে মন্ত্রী বলেন, ‘২০১৫ সালে আমাদের দেশে কয়েকজন বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। তাঁদের মধ্যে কুনিও ছিলেন একজন। এটি বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে খুনের মামলা শেষ করার উদাহরণ। এই রায়ের মাধ্যমে বিচারিক আদালতে যে গতি এসেছে, তাতে নতুন করে আর মামলাজট হবে না।’
 

ইত্তেফাক/মণ্ডল