অক্ষয় কুমার মৈত্রেয় নাট্যোৎসব শুরু

আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৬:৫২
 
রাজশাহী নগরীতে অক্ষয় কুমার মৈত্রেয় নাট্যোৎসব শুরু হয়েছে।
 
বুধবার সন্ধ্যায় মহানগরীর ঘোড়ামারায় ঐতিহাসিক পদ্মামঞ্চে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন উপ-মহাদেশের প্রখ্যাত কথাশিল্পী অধ্যাপক হাসান আজিজুল হক।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন মলয় ভৌমিক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজশাহীর সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ প্রমূখ। অনুষ্ঠানে উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী, সমাজকর্মী ও প্রত্মতত্ববিদ অক্ষয় কুমার মৈত্রের জীবনী নিয়ে গবেষণাধর্মী বই প্রকাশ করায় সাহিত্যিক-সাংবাদিক অধ্যাপক ফজলুল হককে অক্ষয় কুমার মৈত্রয় সম্মাননা পদক-২০১৭ দেওয়া হয়। সম্মাননা দিয়েছে রাজশাহী থিয়েটার।
 
উল্লেখ্য, উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী, সমাজকর্মী ও প্রত্মতত্ববিদ অক্ষয় কুমার মৈত্রের শিক্ষা ও পেশাসহ জীবনের প্রায় পুরোটা সময় কেটেছে রাজশাহীর এই ঘোড়ামারায়। ১৮৬১ সালের ১মার্চ বর্তমান কুষ্টিয়ার মিরপুর উপজেলার শিমুলিয়া গ্রামে তার জন্ম। ১৯৩০ সালের ১০ ফেব্রুয়ারি তিনি মারা যান। তাকে স্মরণে এখন থেকে প্রতিবছর নাট্যোৎসব আয়োজন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী থিয়েটারের সাধারণ সম্পাদক নুর আলম।
 
ইত্তেফাক/জামান