প্রায় সব ক্যানভাসেই বাংলার প্রকৃতি। ছায়া শোভিত গাছের সারি, আদিগন্ত ফসলের মাঠ উঠে এসেছে শিল্পীদের কাজে। তবে সব ছবিই সাদাকালো রঙে উডকাটে করা। সাদা কালোকে অবলম্বন করে তরুণরা প্রকৃতির ছবি এঁকেছেন। ছাপচিত্রের মুন্সিয়ানায়, টেক্সচারের গভীরতায় ছবিগুলো ফুটিয়ে তুলেছেন শিল্পীরা।
‘সাদা এবং কালো’ শিরোনামে ছাপচিত্রের কর্মশালা বসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগে। গ্যালারি কায়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগ আয়োজিত এ কর্মশালা পরিচালনা করেন উডকাটে স্বনামধন্য ছাপচিত্র শিল্পী রতন মজুমদার। গত পাঁচ দিন ধরে ১৬ জন শিক্ষার্থী-শিল্পী ও ৩ জন শিক্ষক অংশ নেন এই কর্মশালায়।
গতকাল বৃহস্পতিবার বিকালে কর্মশালা শেষে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিল্পী রণজিত্ দাস। স্বাগত বক্তব্য দেন গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী ও ঢাবি ছাপচিত্র বিভাগের বিভাগীয় প্রধান শিল্পী আনিসুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী রতন মজুমদার।
অধ্যাপক নিসার হোসেন বলেন, এ কর্মশালার মধ্য দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি পাবে। এ কর্মশালায় শিল্পীরা পরিশ্রম করেছে। সে কারণে তাদের কাজগুলোও খুব ভাল হয়েছে।
কর্মশালায় অংশ নেওয়া শিক্ষকরা হলেন অস্মিতা আলম শাম্মী, জয়া শাহরীন হক ও নাজির হোসেন খান। শিক্ষার্থীরা হলেন: চট্টগ্রামের সুমন সূত্রধর ও ফাহাদ উদ্দিন; খুলনার কাওসার সিকদার ও চয়ন বিশ্বাস; রাজশাহীর আরিফুল ইসলাম ও মো. আল আমিন ইসলাম রওনক; ত্রিশালের দিদারুল হোসেন লিমন ও পলাশ শেখ; ঢাকার ফাহমিদা আকতার, ফয়সাল আবীর, মনিকা রেনাতে প্রসূন, মো. আফি আজাদ, মো. আশরাফুল আলম রানা, মো. মিজানুর রহমান, মশিউর রহমান ও মো. রফিকুল ইসলাম।
পথনাটক উত্সব: ‘সাম্প্রয়াদিয়কতা মুক্ত শিক্ষা চাই, মুক্ত মানবিক দেশ চাই’ স্লোগান নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে পথনাটক পরিষদ আয়োজিত ‘বাংলাদেশ পথনাটক উত্সব’। ৭ দিনের এই নাট্যোত্সবের দ্বিতীয় দিনে গতকাল ৫টি নাটকের দল তাদের জনপ্রিয় নাটক পরিবেশন করে। বিশেষ আকর্ষণ ছিল ওয়ার্দা রিহাবের পরিচালনায় ঢাকার ধৃতি নর্তনালয় পরিবেশিত শাস্ত্রীয় মনিপুরী নৃত্য। এর আগে নরসিংদীর বাংলা নাট্যম পরিবেশন করে নাটক ‘বৈশাখী পাগল’, ঢাকার লোকনাট্যদল (টিএসসি) পরিবেশন করে ‘গুটিবাজ’, বর্ণালী থিয়েটার পরিবেশন করে ‘প্রতীকী চাতক’, ‘বর্ণমালার মিছিল’ পরিবেশন করে উত্স ও প্রাচ্যনাট পরিবেশন করে ‘মহাবিদ্যা’।
চিত্রকর্ম প্রদর্শনী:নবীন শিল্পী জান্নাত কেয়ার ৩০টি চিত্রকর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে চলছে শিল্পীর প্রথম একক প্রদর্শনী। শিরোনাম ‘ঢেউ’। শিল্পীর অধিকাংশ চিত্রকর্ম চিত্রিত হয়েছে জলরংয়ে। পয়লা মার্চ থেকে শুরু এ প্রদর্শনী চলবে ৬ মার্চ পর্যন্ত।
ইত্তেফাক/নূহু
