রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় প্রত্যাশিত বিচার পাননি বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা।
শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সিফাতের বাবা আমিনুল ইসলাম খন্দকার এ দাবি করেন।
তিনি বলেন, ‘আমরা প্রত্যাশিত বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্টে আপিল করবো। ময়নাতদন্তে সিফাতকে হত্যা করা হয়েছে উল্লেখ করা সত্ত্বেও আদালত এটিকে আত্মহত্যার প্ররোচনা গণ্য করে রায় দিয়েছেন। এ রায়ে আমরা সন্তুষ্ট নই।’
তিনি আরো বলেন, ‘যদি আত্মহত্যা প্ররোচনা মামলা হিসেবেও ধরা হয়, তাতেও আসামিপক্ষ আত্মহত্যার পক্ষে কোনো যুক্তি দেখাতে পারেনি।’
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াহিদা সিফাতকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে স্বামী মো. আসিফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহম্মেদ এ রায় ঘোষণা দেন।
ইত্তেফাক/উজ্জল
