একেই বলে সকল কাজের কাজি। উপরের ছবির কুকুরটি পারে না এমন কাজ কমই আছে! সে ছবি আঁকতে পারে, বাজনার তালে তালে নাচতে পারে এমনকি ড্রামও বাজাতে পারে। এখানেই তার গুণের শেষ নয়—কুকুরটি তার মনিবের বাড়ির অনেক টুকিটাকি কাজও করতে পারে।
দুই বছর বয়সী এই কুকুরের মালিক অস্ট্রেলিয়ার ম্যারি নামের এক তরুণী। অস্ট্রেলিয়ার মিডিয়ায় মন্তব্য করা হয়েছে, কুকুরের এই মেধা নজিরবিহীন। এমনকি সে অনেক মানুষের চেয়েও বুদ্ধি ধারণ করে। ম্যারি তাকে এসব কাজকর্ম শিখিয়েছে।
ম্যারি যখন ইয়োগা করে তখন কুকুরটিও তার সামনে বসে একই কাজ করে। সে সামনের দুই পা দিয়ে ধরে ধরে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ঘর পরিস্কার করে। মনিবের সাথে টেবিল টেনিস খেলে। মনিবের নির্দেশ মতো এটা ওটা সামনে এনে দেয়।
ঘরে তরল কিছু পড়ে নোংরা হয়ে গেলে ক্লিনার ব্যবহার করে তা পরিস্কারও করে দেয়। এমনকি বিশেষভাবে নির্মিত একটি স্কুটারে চড়ে সে বাড়ির বাইরেও ঘুরে বেড়ায়। কুকুরটির জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খুলে দিয়েছে তার মনিব ম্যারি। সেসব অ্যাকাউন্টে লাখ লাখ ফলোয়ারও জুটে গেছে। -এনডিটিভি
ইত্তেফাক/নূহু
