প্রশান্ত মহাসাগরীয় দেশ ফিলিপাইনের সেনাবাহিনী জানিয়েছে, তারা এ সপ্তাহের শুরুতে দেশটির ইসলামিক জঙ্গিদের হাতে নিহত জার্মান জিম্মি জুর্গেন কার্ন্টনারের গলাকাটা লাশ উদ্ধার করেছে।
গত নভেম্বরে মালয়েশিয়ায় সাবাহ প্রদেশে জুর্গেনকে একটি ইয়ট থেকে অপহরণ করে নিয়ে যায় দেশটির আবু সায়াফ জঙ্গিগোষ্ঠি। তারা এই জার্মান নাগরিকের শিরশ্ছেদ করে সেটার ভিডিও পোস্ট করার আগে ৬ লাখ ডলার মুক্তিপণ দাবি করেছিল।
ওই ইয়টে জুর্গেন ছাড়াও তার সঙ্গী সাবিন মার্জ ছিলো, তবে তাকে সেখানেই গুলি করে লাশ ফেলে যায় জঙ্গিরা। এর আগে ২০০৮ সালে সোমালীয় জলদস্যুরা অপহরণ করেছিল এই দুইজনকে। তখনো ৬ লাখ ডলার মুক্তিপণ দিয়ে সেখান থেকে ছাড়া পেয়েছিলেন তারা।
জঙ্গিবাদ মনিটরিং সংস্থা সাইটের প্রতিবেদনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ছুরি দিয়ে শিরশ্ছেদ করা হচ্ছে। ফিলিপাইনের সরকারি প্রতিনিধি জেসাস দুরেজা তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীসহ সব সেক্টরের মাধ্যমে শেষমুহুর্ত পর্যন্ত আমরা তার জীবনরক্ষার চেষ্টা করেছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের আবু সায়াফ জঙ্গিগোষ্ঠী নিষ্ঠুরতার জন্য কুখ্যাত। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য পোষণ করেছে তারা। তারা ফিলিপিনো নাগরিকসহ অনেক বিদেশিকে অপহরণ করেছে। অনেকে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছে, তবে অনেকে আটক রয়েছে তাদের কাছে। বিবিসি।
ইত্তেফাক/সেতু
