নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার (এনডিডি) সম্পর্কে সরকারি কর্মকর্তাদের পূর্ণাঙ্গ ধারণা দেয়ার উদ্দেশ্যে সূচনা ফাউন্ডেশনের বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রর সঙ্গে (পিএটিসি) সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। রবিবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ।
বিভিন্ন পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের অটিজম সম্পর্কিত বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা দেয়ার জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হচ্ছে। এর ফলে যেকোনো বিভাগে যেকোনো পর্যায়ে প্রশিক্ষিত কর্মকর্তারা এই সম্পর্কিত ইস্যুতে কাজ করার দক্ষতা অর্জন করবেন।
রবিবার বিকাল ৫টায় সমঝোতা স্মারকে পিএটিসির পক্ষে স্বাক্ষর করেন রেক্টর এ.এল.এম আব্দুর রহমান এনডিসি ও এবং সূচনা ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করবেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারপার্সন প্রফেসর প্রাণ গোপাল দত্ত। সমঝোতা স্মারকের ফলে সুবিধা বঞ্চিত ব্যক্তিদের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের প্রতিশ্রুতিকে জোরদার এবং এক্ষেত্রে সুশীল সমাজ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকাকে আরও সুদৃঢ় করবে বলে অনুষ্ঠানে জানানো হয়েছে।
সংসদ সদস্য আ ফ ম রুহুল হক, নাজমুল হাসান পাপন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন। পিএটিসি’র রেক্টর আ ল ম আব্দুর রহমান বলেন, সারা দেশের সিভিল সার্ভিসের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করে পিএটিসি। এই চুক্তির ফলে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে সুবিধা বঞ্চিতদের চিহ্নিত করে তাদের সমস্যা সমাধানে কাজ করা যাবে।
সরকারি কর্মীরা কীভাবে নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করতে পারে- এ বিষয়টি প্রশিক্ষণ পাবে সরকারি কর্মচারীরা। অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে অ্যাডভোকেসি, গবেষণা, দক্ষতা বৃদ্ধির কাজ করে আসছে।
IMG0
এছাড়া অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডারে আক্রান্ত ব্যক্তি ও পরিবারবর্গকে সমাজে অর্ন্তভুক্তকরণের লক্ষ্যে আন্তর্জাতিক গবেষণালব্ধ তথ্যগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। মানসিক স্বাস্থ্য ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার সংক্রান্ত নীতিমালা ও কার্যক্রমসমূহ একীভূত ও বাস্তবায়িত করার লক্ষ্যে পুতুলের প্রচেষ্টায় (অটিজম স্পিকস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে) ২০১১ সালে গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ও ২০১২ সালে গ্লোবাল অটিজম বাংলাদেশের জন্ম হয়।
অনুষ্ঠানে জানানো হয়, সায়মা ওয়াজেদ পুতুলের অক্লান্ত চেষ্টার ফলে ‘নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটি সুরক্ষা ট্রাস্ট আইন-২০১৩’ পাস হয়। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেজুলেশনেও গৃহীত হয়। এর ফলে দেশের জাতীয় নীতিমালায় এবং জাতি সংঘের উন্নয়ন পরিকল্পনা ও লক্ষ্যমাত্রায় মানসিক স্বাস্থ্য সমস্যা এবং নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার যুক্ত ব্যক্তিত্বের সহায়তা ও সেবা প্রদানের গুরুত্বপূর্ণ দিকগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইত্তেফাক/সাব্বির
