সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদী থেকে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সাব্বির আহমেদ ইরফান (১৬) এনায়েতপুর খামার গ্রামের হোমিওপ্যাথি চিকিৎসক রঞ্জু কাদেরের ছেলে। সে স্থানীয় বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস ও মৃতের স্বজনেরা জানান, গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে ইরফান আর বাড়ি ফেরেনি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। রবিবার বিকেলে এলাকাবাসী এনায়েতপুর স্পার বাধের যমুনার তীরে তার লাশ ভেসে থাকতে দেখে এ খবর ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী ও স্বজনেরা সেখানে ভিড় করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে ইরফানের মা-বাবা কেউ আসেননি।
ইরফানের মামা বাবুল হোসেন জানান, তারা এক ভাই, এক বোন। হঠাৎ করে সাঁতার জানা এই স্কুল ছাত্রের এমন মৃত্যু অনেকটা রহস্যের সৃষ্টি করেছে।
তিনি আরো জানান, তাদের কোন শত্রু ছিলনা। নিখোঁজ হবার পর কেউ ফোন করে মুক্তিপণ না চাওয়ায় আমাদের ধারণা সে অপহরণও হয়নি। শুক্রবার জুমার নামাজের আগে ২০টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর আসেনি।
এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে। কি কারণে মৃত্যু তা জানা যাচ্ছেনা। পোস্ট মার্টেম রিপোর্টের পর তা জানা যাবে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ইত্তেফাক/জামান
