বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সৌরভ বনিক (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সৌরভ চাঁদপুরের হাজীগঞ্জ পৌর সভার মকিমাবাদ গ্রামের বনিক বাড়ির শিবু বনিকের ছেলে। সে বনিক হাজীগঞ্জ পাইলট হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্র।
সহপাঠী সীমান্ত জানায়, সৌরভ রবিবার দুপুর সোয়া ১টায় হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ ঘাটে ডাকাতিয়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায়। এ সময় বন্ধুরাসহ সৌরভ নদীতে সাঁতার কাটছিলো। হঠাৎ করে পাশ দিয়ে একটি মালবাহী জাহাজ যাওয়ার সময় সৌরভ ঘোলাটে পানিতে ডুবে যায়। তখন সহপাঠী সীমান্তের হাত থেকে সে ছিটকে যায়। তখন বন্ধুরা সবাই উঠে আসলেও উঠে আসতে পারেনি সৌরভ। এক পর্যায়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কে খবর দিলে দীর্ঘ সময় চেষ্টার তিনঘণ্টা পর তার মৃতদেহ উদ্ধার করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/জামান
