যুক্তরাষ্ট্রে ট্রাম্প সমর্থক-বিরোধীদের সংঘর্ষ

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ২২:০৬
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিরোধীরা পাল্টাপাল্টি বিক্ষোভ করেছেন। এর মধ্যে শনিবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দুই দলের বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩ জন। পুলিশ ৫ জনকে আটক করেছে। 
 
পুলিশ জানায়, ক্যালিফোর্নিয়ার বারকেলে শহরে বিক্ষোভকারীরা একে অপরের মাথায় কাঠের লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় ট্রাম্প সমর্থকরা পুলিশের সামনেই বিরোধীদের লক্ষ্য করে পেপার স্প্রে ছুঁড়েন। ট্রাম্প সমর্থকরা যখন বিক্ষোভ করছিলেন তখন কৃষ্ণাঙ্গদের একটি দল সেখানে আসলে কথা কাটাকাটি হয়। ট্রাম্প সমর্থকরা আমেরিকার পতাকা তুলে ধরেন। তখন একজন ট্রাম্প সমর্থকের মাথায় আঘাত করা হয়। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ২৮টিতে ট্রাম্প সমর্থকরা বিক্ষোভ করেন। 
 
শনিবার ওয়াশিংটনেও ট্রাম্পের পক্ষে বিক্ষোভের আয়োজন করা হয়। আয়োজকদের একজন পিটার বয়কিন। তিনি বলেন, গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পরই প্রেসিডেন্ট ট্রাম্পের বিপক্ষে বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে আমরাও ট্রাম্পের পক্ষে বিক্ষোভের আয়োজন করি। পুলিশ জানিয়েছে, বিক্ষোভে ট্রাম্প বিরোধীদের সংখ্যা ছিল বেশি। 
 
অনেক শহরে ট্রাম্পের পক্ষে লোক এত কম ছিল যে তারা প্রতিপক্ষের হামলার ভয়ে ছিল। বারকেলে পুলিশের মুখপাত্র বায়রন হোয়াইট জানিয়েছেন, সেখানে বিক্ষোভে উভয় পক্ষ মিলে বিক্ষোভকারীদের সংখ্যা ছিল ২শ’ থেকে ৩শ’। তিনি জানান, আহত একজনের একটি দাঁত পড়ে গেছে। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে বলে তিনি জানান। রয়টার্স।        
 
ইত্তেফাক/সাব্বির