সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা কেনিয়ায় নিহত

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১১:৫০
ব্রিটেনের সাবেক এক সেনা কর্মকর্তাকে কেনিয়ায় গুলি করে হত্যা করা হয়েছে। কেনিয়ার পুলিশের বিবৃতিতে এমন খবর জানিয়েছে বিবিসি।
 
ত্রিস্তান ভুর্সপে নামের ওই সেনাকে কেনিয়ার লাইকিপিয়ার একটি অঞ্চল পরিদর্শনকালে বিক্ষুব্ধ কৃষকরা হত্যা করে থাকতে পারে বলে দেশটির স্থানীয় পুলিশ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানায়।
 
আফ্রিকার বিভিন্ন অঞ্চলে চলমান খরায় দিশেহারা কৃষকদের মাঝে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে পশুচারণ ভূমি ও খামার বাজেয়াপ্তকরণ, যা কৃষকদের আক্রমণাত্মক করে দিচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে।
 
নিহত এই সেনা বিলাসী সাফারি কোম্পানির অফবিট সাফারিজের প্রতিষ্ঠাতা ছিলেন।
 
লাইকিপিয়া কৃষক সমিতির সভাপতি মার্টিন ইভান্স জানান, স্থানীয় কৃষকদের নিয়ন্ত্রিত একটি খামার পরিদর্শনকালে কোন ব্যাপারে অসন্তুষ্ট হয়ে তারা ভুর্সপের উপর হামলা চালিয়ে থাকতে পারে।
 
ইভান্স আরো জানান, রবিবার বিকেলের পরও ওই সেনা বাসায় না ফিরলে তার খোঁজে আশেপাশে তল্লাশি চালিয়ে তাকে বহনকারী ঘোড়াটিকে আহত অবস্থায় উদ্ধার কর হয়। কিন্তু পরবর্তীতে ভুর্সপেকে তার বাড়ির ধ্বংসাবশেষের পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু