ফেলে দেয়া ১৯টি কন্যা শিশুর ভ্রূণ পাওয়া গেল ভারতের হাসপাতালে

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৩:৫৬
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের এক হাসপাতাল থেকে গর্ভপাতের মাধ্যমে ফেলে দেয়া ১৯ টি অপরিপক্ব কন্যা শিশুর ভ্রূণ উদ্ধার করেছে দেশটির পুলিশ।
 
সাংগ্লি জেলার ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তারা জানান, গর্ভপাতের পর ভ্রূণগুলোকে পুঁতে ফেলার চেষ্টা করছিলো হাসপাতালের লোকজন।
 
স্থানীয় পুলিশ বার্তা সংস্থা বিবিসিকে জানায়, গর্ভপাতের কারণে এক মহিলার মৃত্যুর ঘটনা তদন্তে ওই হাসপাতালে গেলে তারা এগুলো খুঁজে পান।
 
এ ঘটনায় দেশটির সমাজকর্মীরা উদ্বিগ্ন হয়ে বলেন, এটি আবার প্রমাণ করে যে ভারতে কন্যা শিশু হত্যা বন্ধ হয়নি। ভ্রূণহত্যা বন্ধে দেশটিতে প্রচুর প্রচারণা চললেও গোপনে এসব কাজ দ্রুতগতিতে বেড়ে যাচ্ছে বলেও জানান তারা।
 
পুলিশ আরো জানায়, মহিলাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়ে গর্ভপাত করেছিলেন যার ফলে তার মৃত্যু হয়। আর এই কারণে পুলিশ ওই হাসপাতালের কাছে এই গর্ভপাতে ফেলে দেয়া ভ্রূণ খুঁজতে গিয়ে গা ছমছমে ব্যাপারটির সম্মুখীন হয়। 
 
পুলিশ সুপার দত্তত্রি সিন্ধে জানান, এতোগুলো ভ্রূণ একসঙ্গে পাওয়া খুবই চিন্তার বেপার। এ ঘটনায় উক্ত মহিলার স্বামীকে গ্রেফতার করা হলেও এসব গর্ভপাতে সহায়তাকারী ওই হাসপাতালের ডাক্তারকে আটকের চেষ্টা চলছে। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু