ভারত রবিবার পাকিস্তান সংলগ্ন আটারি-ওয়াঘা সীমান্তে ৩৬০ ফুট উঁচু দণ্ডে উড়িয়ে দিয়েছে প্রায় ১২০ ফুট লম্বা পতাকা। এটি এতটাই উঁচু যে ২৭ কিলোমিটার দূরে লাহোরের বাসিন্দারাও বাড়ির ছাদ থেকে তা দেখতে পাবেন।
সীমান্তে এতো বড় পতাকা উড়িয়ে ভারত কিসের সঙ্কেত দিচ্ছে তা বুঝে উঠতে পারছেনা প্রতিবেশী পাকিস্তান। তবে এই পতাকা কেনো আটারি সীমান্তে ওড়ানো হচ্ছে, এ ব্যাপারে মুখ খোলেনি ভারতীয় সেনারা।
প্রায় ৩৬০ ফুট উঁচু একটি লোহার দণ্ড। তার উপর পত পত করে উড়ছে ১২০ ফুট লম্বা পতাকা। যা চওড়ায় প্রায় ৮০ ফুট। লোহার দণ্ডটারই ওজন প্রায় ৫৫ টন। এই পতাকাটি তৈরি করতে সাড়ে ৩ কোটি টাকা খরচ করেছে পঞ্জাব সরকার।
তবে পাকিস্তান ভারতের এই দীর্ঘতম পতাকা ওড়ানোয় মোটেই খুশি নয়। আন্তর্জাতিক সীমান্ত বরাবর এত উঁচু পতাকা ওড়ানোয় আপত্তি তুলেছে তারা। বিএসএফকে ইতিমধ্যেই তাদের উদ্বেগের কথা জানিয়েছে পাক রেঞ্জার্স বাহিনী। আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন হচ্ছে এই দাবি তুলে পতাকাটি সীমান্ত থেকে সরিয়ে অন্যত্র ওড়ানোর দাবি জানিয়েছে তারা।
যদিও নয়াদিল্লী স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ২০০ মিটার দূরে ভারতীয় ভূখণ্ডে এই পতাকা উড়ছে। এতে কোনও ভাবেই আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে না৷
পতাকাটি উত্তোলন করে পঞ্জাব সরকারের মন্ত্রী অনিল জোশী বলেছেন, ‘দেশের মাটিতে তেরঙ্গা ওড়াতে আমাদের কেউ আটকাতে পারবে না।’ টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু
