ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সম্পন্ন

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৭:১২
স্বল্প সংখ্যক ভোটার এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ঈশ্বরদী উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। কোন কেন্দ্রেই ভোটারদের লাইন চোখে পড়েনি। আইন শৃংখলা বাহিনীকে সব সময় তটস্থ দেখা গেছে। দুপুর ২টার দিকে এস এম স্কুল কেন্দ্রে কয়েকটি বুথে কোন ভোটার ভোট প্রদান করেনি। অন্য কেন্দ্র গুলোতেও একই অবস্থা দেখা গেছে। কেউ কেউ অমুক কেন্দ্রে ভোট কেটে নেয়া হচ্ছে বা গোলমাল হচ্ছে বলে প্রচার করলেও সেসব কেন্দ্রে গিয়ে অপ্রীতিকর ঘটনার কোন অভিযোগ পওয়া যায়নি। বাস্তবে সেখানেও একই অবস্থা- ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি নেই।
 
উল্লেখ্য, সাবেক নারী ভাইস চেয়ারম্যান মাহজেবীন শিরিণ পিয়া পদত্যাগ করে জেলা পরিষদের চেয়ারম্যান পদে অংশ নেয়ায় এই পদ শুণ্য হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ মাহমুদা খাতুনকে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন দান করে। এখানে আওয়ামী লীগের আরেকজন জান্নাতুল ফেরদৌস রুনু কলস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন। 
 
ভোটার উপস্থিতি না থাকলেও প্রশাসন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে অত্যন্ত তৎপর ছিল। বিকেল সাড়ে চারটার দিকে সহকারী রিটার্নিং অফিসার এবং ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলী জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে ভোটার উপস্থিতি নগণ্য ছিল বলে তিনি স্বীকার করেন। ভোট কেন্দ্রের চিত্র দেখে এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ধারণা করা যায়, এই নির্বাচনে শতকরা ১০-১৫ ভাগ ভোটার ভোট প্রদান করতে পারে।
 
ইত্তেফাক/মাহমুদুল