বৈধ ভিসা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে আটক আফগান পরিবার

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ২০:০৫
বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পা দেয়ার সঙ্গে সঙ্গে এক আফগান পরিবারের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। তবে কেন তাদেরকে আটক করা হল, এ বিষয়ে এখনো কিছু জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।
 
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত সপ্তাহে তিন সন্তানসহ যুক্তরাষ্ট্রে পৌঁছান এক আফগান দম্পতি। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই তাদের আটক করা হয়। এরপর থেকে তারা আটক আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় আফগানিস্তানের নাম নেই। তারপরও কেন এ পরিবারটিকে আটকে রাখা হয়েছে, তা স্পষ্ট নয়। তবে অনেকেই ধারণা করছেন,  ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার তালিকায় আফগানিস্তানের নাম থাকতে পারে বলে। 
 
আটক ওই আফগান পরিবারটির মুক্তির জন্য লস অ্যাঞ্জেলসের সান্তা আনা ডিসট্রিক্ট কোর্টে পিটিশন দায়ের করেছে ইন্টারন্যাশনাল রিফিউজি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম নামের একটি সংস্থা। তাদের মতে, কোনো কারণ ছাড়াই এ পরিবারটিকে আটক রাখা অযৌক্তিক। এমনকি এটা মার্কিন সাংবিধানিক আইনের পরিপন্থী। সংস্থাটি জানায়, আফগান পরিবারের পাঁচ সদস্যকে আটকের পরে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টিতে সুরক্ষিত কারাগারে রাখা হয়। পরে তিন শিশুসহ তাদের মাকে কারাগার থেকে স্থানীয় একটি হোটেলে স্থানান্তর করা হয়। কিন্তু শিশুদের বাবাকে এখনো মুক্তি দেয়া হয়নি। এমনকি তাদের আইনের সহায়তা নিতেও বাধা দিচ্ছে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্সি (সিবিপি)।
 
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নেয়ার পরে সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে নির্বাহী আদেশ জারি করেন। বন্ধ করে দেন শরণার্থী গ্রহণ কার্যক্রম। তবে আদালতের আদেশে ট্রাম্পের এ উদ্যোগ আপাতত বন্ধ আছে। কিন্তু ট্রাম্প নতুন করে এ সংক্রান্ত আরেকটি আদেশ জারি করতে উদ্যোগী হয়েছেন। বিবিসি ও রয়টার্স।
 
ইত্তেফাক/সাব্বির