ভোলায় গৃহবধূ রুমা আক্তারের হত্যার দাবিতে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে ভোলা শহরের সদর রোডে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরাম, ভোলা জেলা শাখা’র আয়োজনে মানব বন্ধনে আলীনগর স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী এবং আলীনগর ইউনিয়নের এলকাবাসী অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অতি দ্রুত রুমার হত্যার বিচারের দাবি ও সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানায়।
গত শুক্রবার (৩ মার্চ) শহরের পাখিরপোল এলাকাস্থ স্বামীর বাড়ি থেকে পুলিশ রুমা আক্তারের (২১) মৃতদেহ উদ্ধার করে। এরপর থেকে রুমার স্বামীর বাড়ির লোকজন পলাতক রয়েছেন। এ ঘটনায় রুমার মা জয়নব বিবি বাদী হয়ে গত শনিবার ভোলা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির বলেছেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
ইত্তেফাক/মাহমুদুল
