ফার্মগেটে ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ৭০ পথচারীকে জরিমানা

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২০:৪১
 
রাজধানীর ফার্মগেটে ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় মঙ্গলবার ৭০ জন পথচারীকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমান আদালত। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। ডিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
 
মশিউর রহমান বলেন, ফুটপাত ব্যবহার না করায় মোট ৭০ জন পথচারীকে ৪ হাজার ২শ’ টাকা জরিমানা করা হয়। দণ্ডবিধির ২৯০ ধারা মোতাবেক গণউপদ্রপ সৃষ্টির দায়ে সর্বনিম্ন ৫০ থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।
 
ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) লিটন কুমার সাহা জানান, জনসেবায় ট্রাফিক পশ্চিম বিভাগ সব সময় বিশেষ ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ এবং অভিযান পরিচালনা করে। ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করাই আমাদের দায়িত্ব।
 

ইত্তেফাক/মণ্ডল