দ. কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন শুরু

আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২১:০৪
চীনের তীব্র উদ্বেগ উপেক্ষা করে দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (থাড) স্থাপনের কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়ার চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর  এ সিদ্ধান্তের কথা জানানো হলো।
 
টার্মিনাল হাই অ্যালটিচিউড এরিয়া ডিফেন্স সিস্টেম (থাড) এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যেটি ক্ষেপণাস্ত্র আকাশে থাকা অবস্থায় সেটিকে ভূপাতিত কর। এটি ২০০ কিলোমিটার দূরত্বে এবং ১৫০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় কাজ করতে পারে। দক্ষিণ কোরিয়ায় এ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি স্থাপনের কাজ শুরু হয়েছে। পুরো ব্যবস্থার কিছু অংশ সিউলে পৌঁছেছে। 
 
দক্ষিণ কোরিয়ার সরকারের দাবি অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ পুরো ব্যবস্থাটি কার্যকর করা সম্ভব হবে। এর আগে গুয়াম এবং হাওয়াই দ্বীপে থাড স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। সেই  সময় উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলার কারণে এটি স্থাপন করা হয়েছে বলে দাবি করে মার্কিন কর্তৃপক্ষ। এবারও দক্ষিণ কোরিয়ায় এ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পেছনে একই যুক্তি দিয়েছে দেশটি।
 
কিন্তু মার্কিন প্রশাসনের এ যুক্তি মানতে নারাজ উত্তর কোরিয়া ও চীন। এ উদ্যোগের সমালোচনা করেছে  দুইদেশই। চীন এ উদ্যোগকে ওই অঞ্চলে জোরপূর্বক যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা বৃদ্ধির একটি অংশ বিবেচনা করছে। 
 
এদিকে স্থানীয় সময় সোমবার সকালে উত্তর কোরিয়া-চীন সীমান্তের নিকটবর্তী তংচ্যাং-রি অঞ্চল থেকে জাপান সাগরে পর পর চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। দেশটির মতে, ক্ষেপণাস্ত্রগুলো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। পরীক্ষাকৃত ক্ষেপণাস্ত্রের তিনটি প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপানের বিশেষ অর্থনৈতিক এলাকায় (ইইজেড) গিয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে জাপান। আল জাজিরা ও বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির