চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লসমনপুর মিস্ত্রিপাড়ার একটি আম বাগান থেকে মঙ্গলবার দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২টি গুলিসহ অভিযুক্ত এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ এর সদস্যরা।
আটক ব্যক্তি একই উপজেলার কিরণগঞ্জ গ্রামের আতাউর রহমানের ছেলে শামীম রেজা (২২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে র্যাবের একটি দল বিকেল পৌনে ৫টার দিকে লসমনপুর মিস্ত্রিপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় অস্ত্র ও গুলিসহ শামীমকে আটক করা হয়।
পরে তাকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাসস।
ইত্তেফাক/মুস্তাফিজ/আনিসুর
