জেলায় পূর্বধলা সড়কের নারায়ণডহর বাজার এলাকার সড়কে নদী ভাঙনের কবল থেকে রক্ষার দেয়াল ধসে পড়েছে। ফলে যে কোনো সময় যানবাহন সড়ক থেকে ছিটকে পড়ে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১৭ কিলোমিটার দীর্ঘ নেত্রকোনা-পূর্বধলা সড়কটির হাল এতই খারাপ যে, যানবাহন চলাচলসহ জনসাধারণও চলতে পারছেন না। স্থানীয় ভুক্তভোগীরা অবিলম্বে এই ভাঙা সড়কটি সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।
সরেজমিনে জানা যায়, এই সড়কটি বছর দুই পূর্বে সড়ক ও জনপথ বিভাগ সংস্কার করলেও কাজের মান খুব খারাপ হওয়ায় সারা সড়ক থেকে পিচ উঠে যায় এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এদিকে নারায়ণডহর বাজার এলাকার তিন-চারটি স্থান থেকে সড়ক রক্ষা দেয়াল ধসে পড়ায় সড়কটিই এখন যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের নেত্রকোনা অংশ যেমন খারাপ তেমনি পূর্বধলার অংশও খারাপ।
সরেজমিনে দেখা যায়, এ সড়কে ছোট-বড় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। অটো বা টেম্পো সড়কে উল্টে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে বলে অটো চালক হামিদ মিয়া এ প্রতিনিধিকে জানান। তিনি বলেন, ভাঙা সড়কের কারণে আমাদের আয় কমে গেছে। এ রাস্তা দিয়ে চলতে গিয়ে যাত্রীরা অসুস্থও হয়ে পড়ছেন।
এ ব্যাপারে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে জরিপ কাজ শেষ করা হয়েছে। অর্থ বরাদ্দ সাপেক্ষে সড়ক সংস্কারের কাজে হাত দেওয়া হবে। তবে কবে হবে তারা তা বলতে পারেননি।
এদিকে নেত্রকোনার সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং পূর্বধলার সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীকের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। সংসদ সদস্যদের পক্ষ থেকে ডিও লেটারও প্রদান করা হয়েছে। এছাড়া সড়কটি নতুন ও প্রশস্ত করে নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগকে উদ্যোগ নিতেও বলা হয়েছে।
ইত্তেফাক/নূহু
