মুন্সীগঞ্জে ঝড়ের কবলে স্পিডবোট, অজ্ঞাত নারীর লাশ উদ্ধার-নিখোঁজ স্কুল ছাত্রী

আপডেট : ০৯ মার্চ ২০১৭, ২১:০৪
মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিংয়ে বুধবার বিকালে ১৮ যাত্রী নিয়ে ঝড়ের কবলে পড়ে উল্টে যাওয়া স্পিডবোটটির শিশুসহ দুই যাত্রী নিহত হয়েছে। অপরজন অজ্ঞাত নারী (৪০)। নিহত শিশুটির নাম লাবিব হালদার (১০)। এখনো তাহমিনা আক্তার (১২) নামে অপর এক শিশু নিখোঁজ রয়েছে। সে রাজধানীর কামারঙ্গীরচর ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
 
তাকে উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুর্ঘটনাস্থল এবং আশপাশে তল্লাশি চালাচ্ছে।
 
বৃহস্পতিবার বেলা সোয়া ১০টার দিকে দুর্ঘটনাস্থলের তিন শ মিটার দূরে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাঝ বয়সী এই নারীর মাথার চুল কাচা পাকা। পরনে খয়রী রংয়ের বোরখা ও হলুদ সালোয়ার। গায়ের রং কালো। তবে লাশের পাশে একটি লাগেজ পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে, পাসপোর্ট নং এএ ৯৮২১৬২৮, শামসুন্নাহার, সাভার, হোমায়েতপুর, ঢাকা। এছাড়া বেগটিতে একটি জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে বাকেলা, স্বামী এব রউফ শিকদার, মাতা আয়শা বিবি,  ৪০ বিজলী মহল্লা, মোহম্মদপুর ঢাকা এবং স্থায়ী ঠিকানা আলফাডাঙ্গা , ফরিদপুর। 
 
পুলিশ এই পাসপোর্ট নাম্বার, জাতীয় পরিচায়পত্র এবং ঠিকানায় তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে। এই নারীর নাম বাকেলা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
 
পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, বুধবার বিকালে ১৮ যাত্রী নিয়ে স্পিডবোটটি ঝড়ের কবলে পড়ে। তবে বাকী ১৫ যাত্রী অন্য স্পিড বোটে গন্তবে পৌঁছেছে বলে পুলিশ জানিয়েছে।
 
ইত্তেফাক/সালেহ্