ফেনীতে পিকনিকের বাস খাদে, আহত ৩০

আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৩:৩৯
 
ফেনীর দাগনভূঁঞার তুলাতলী খোনাপুকুরে ট্রাকের সাথে পিকনিকের বাস ধাক্কা খেয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে নোয়াখালী থেকে চট্টগ্রামগামী পিকনিকের বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
 
পুলিশ, হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা তাদের পরিবার নিয়ে চট্টগ্রামে পিকনিকে যাচ্ছিল। বাসটি ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঁঞার তুলাতলী খোনাপুকুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকনিকের বাসটি ট্রাকের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে। এতে কমপক্ষে ৩০/৩৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
 
এদের মধ্যে মহিলা বাবুর্চি মনোয়ারা বেগম, গাড়ির হেলপার মো. শাহাদাত হোসেন, লক্ষি নারায়ণ সাহা, কাউসারা বেগম, শহীদ, শাহানা আক্তার, ফাহমিদা, হাফচার, নাহিদ, আলী, আছমা, নাজমাসহ ৩০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে মহিলা বাবুর্চি মনোয়ারা বেগম, গাড়ির হেলপার মো. শাহাদাত হোসেনসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও নোয়াখালীসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।
 
দাগনভূঁঞা থানার ওসি আসলাম উদ্দিন জানান, আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।