বগুড়ায় প্রতারণার মামলায় গ্রেফতার ১

আপডেট : ১০ মার্চ ২০১৭, ২১:২৮
 
বগুড়ার ধুনট উপজেলায় প্রতারণার মামলায় সাইদুল ইসলাম (৩৫) নামে এক আদম ব্যবসায়ীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। সাইদুল ইসলাম ধুনট উপজেলার চিথুলিয়া গ্রামের জালাল আকন্দের ছেলে।
 
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চিথুলিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে লাল মিয়া কাঠমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। এ অবস্থায় আদম ব্যবসায়ী সাইদুল ইসলাম ভালো বেতনে চাকরির লোভ দেখিয়ে ২০১৫ সালের ৮ মার্চ লাল মিয়াকে মালয়েশিয়া পাঠান। মালয়েশিয়া পাঠানোর নাম করে হতদরিদ্র লাল মিয়ার নিকট থেকে চার লাখ টাকা হাতিয়ে নেয় আদম ব্যবসায়ী সাইদুল। 
 
ভাগ্য বদলের আশায় বিদেশে যাওয়ার টাকা জোগাড় করতে লাল মিয়াকে বসতভিটাসহ সব কিছু বিক্রি করতে হয়েছে। কিন্ত মালয়েশিয়ায় গিয়ে লাল মিয়ার ভাগ্যে জোটেনি ভালো চাকরি। আদম ব্যবসায়ীর প্রতারণার শিকার হয়ে দীর্ঘ ৯ মাস লাল মিয়াকে মালয়েশিয়ার বনে-জঙ্গলে পালিয়ে বেড়াতে হয়েছে। সেখানে অনাহারে অর্ধাহারে দিন কাটানো লাল মিয়াকে সইতে হয়েছে শারীরিক নির্যাতন। 
 
অবশেষে মালয়েশিয়া কর্মরত এক বাংলাদেশি যুবকের আর্থিক সহায়তায় ৯ মাস নরক যন্ত্রণা সইয়ে বাড়িতে ফিরে আসেন লাল মিয়া। এরপর আদম ব্যবসায়ীর নিকট টাকা ফেরত চেয়ে ব্যর্থ হয়ে ৭ মার্চ সাইদুলের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন লাল মিয়া।
 
এ বিষয়ে জানতে চাইলে সাইদুল ইসলাম বলেন, আমি নিজে বিদেশি লোক পাঠানোর কাজ করি না। তবে, অন্য এক আদম ব্যবসায়ীকে বিদেশে পাঠানোর জন্য লোক সংগ্রহ করে দেই। লাল মিয়াকে ওই আদম ব্যবসায়ীর মাধ্যমে মালয়েশিয়া পাঠিয়েছিলাম। কিন্ত সেখানে কাজ না করে দেশে ফিরে এসে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। 
 
ধুনট থানার অফিসার ইনাচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বিদেশে পাঠানোর নামে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে দায়েরকৃত মামলার এজাহার ভুক্ত আসামী সাইদুল ইসলামকে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।