বাগমারায় তালিকাভুক্ত ৫ জেএমবি সদস্য গ্রেফতার

আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৬:০২
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর তালিকাভুক্ত পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহীর বাগমারা থানার পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানিয়েছেন। গ্রেফতারকৃত জেএমবি’র তালিকাভুক্ত সদস্যরা হলেন- উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার মকবুল মেকারের ছেলে রহিদুল ইসলাম(৪৩), গোয়ালকান্দি ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের শুকুর আলীর ছেলে আবুল হোসেন (৫৫), একই এলাকার  ছমির উদ্দীনের ছেলে আব্দুস সাত্তার (২৮), মৃত জাবের আলীর ছেলে আব্দুল মান্নান (৪৫) ও উদপাড়া গ্রামের নাছির উদ্দীনের ছেলে লুৎফর রহমান (৪৮)। 
 
গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠােনা হবে বলে বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানিয়েছেন।
 
বাগমারা থানার পুলিশ জানান, গত ২০০৪ সালে জেএমবি’র শীর্ষ নেতা সিদ্দীকুল ইসলাম বাংলা ভাইয়ের দলে অংশগ্রহণ করে বাগমারায় সর্বহারা নিধনের নামে এলাকার সাধারণ মানুষদের হত্যা, গুম ও শারীরিক নির্যাতন চালিয়েছে গ্রেফতারকৃতরা। সে সময় তাদের বিরুদ্ধে বাগমারা থানা ও রাজশাহীর আদালতে নির্যাতন ও হত্যার অভিযোগে একাধিক মামলা হয়েছিল বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন। পরবর্তীতে তারা ওই সব মামলা থেকে জামিন নিয়ে বেরিয়ে আসে। 
 
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানান,  গ্রেফতারকৃতরা সবাই জেএমবি’র সদস্য। তাদের বিরুদ্ধে নতুন করে নাশকতার অভিযোগ পাওয়ায় রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।