রাসায়নিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন:ইরান

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৪৬

রয়টার্স

জাতিসংঘের কনভেনশন অনুযায়ী রাসায়ানিক অস্ত্র রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে ইরান। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

এর আগে বৃহস্পতিবার হেগে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠনের এক বৈঠকে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত কেনেথ ওয়ার্ড বলেছেন, ইরান রাসায়নিক অস্ত্র কর্মসূচি পরিচালনা করার কারণে সংস্থাটির কাছে এটি ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। এর প্রতিক্রিয়ায় শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত প্রতিবেদনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, যুক্তরাষ্ট্র আবার ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দায়ের করেছে। যা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখান করছি।

ওয়াশিংটনকে উদ্দেশ্য করে কাসেমি আরো বলেন, ইসরাইলের অব্যাহত রাসায়নিক অস্ত্রের মজুদ বিষয়ে আন্তর্জাতিক দৃষ্টি ভিন্নদিকে নিতে যুক্তরাষ্ট্র এ মন্তব্য করেছে। ইসরাইলের এ কর্মকাণ্ডকে কখনো অনুমোদন করে না ইরান। তিনি আরো বলেন, গণ-ধ্বংসের অস্ত্র থাকার বিষয়ে কখনো নিশ্চিত কিংবা অস্বীকার করেনি ইসরাইল। ১৯৯৩ সালে রাসায়নিক অস্ত্রবিষয়ক কনভেশন স্বাক্ষরিত হয়। যা এখনো অনুমোদন হয়নি। এ চুক্তিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অগ্রগতির জন্য বিবেচনা করা হয়ে থাকে।

উল্লেখ্য, চলতি বছরের মে মাস থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। ওই সময় ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরে যাওয়ার পর ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে বিশ্বের ছয় প্রধান শক্তিশালী দেশ এ পরমাণু চুক্তি করেছিল।