বাকৃবিতে 'অ্যানিমেল হাজবেন্ড্রি' দিবস পালিত

আপডেট : ১৪ মার্চ ২০১৭, ১৮:০৩
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে অ্যানিমেল হাজবেন্ড্রি দিবস।
 
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় পশুপালন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
 
বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষদীয় ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। প্রধান পৃষ্ঠপোষকতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান ও আমেরিকান ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. হাসানুল এ. হাসান।
 
এসময় নারায়ণ চন্দ্র চন্দ বলেন, নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তায় পশুবিদদের অবদান অনস্বীকার্য। দেশ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও দুধ, মাংস ও ডিম উৎপাদনে পিছিয়ে রয়েছে।