ঝিনাইদহের কালীগঞ্জের মনোহরপুর কবরস্থানের পাশে আধিপত্য বিস্তার নিয়ে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে বিপুল মন্ডল (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে। সে মনোহরপুর গ্রামের ফজলু মন্ডলের ছেলে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, জেলার কালীগঞ্জ উপজেলার শিমলা-রোকনপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য পুকুরিয়া গ্রামের লিটন এবং মনোহরপুর গ্রামের পরাজিত ইউপি সদস্য বজলু মন্ডলের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রাতে মনোহরপুর কবর স্থানের পাশে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে বজলু মন্ডলের সমর্থক বিপুল মন্ডলকে কুপিয়ে হত্যা করা হয়। এ সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়।
ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
