চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের পাঁকা গ্রামে ঘুমন্ত এক তরুণ কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। অজ্ঞাত দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে বুধবার দিবাগত রাত ১১টার দিকে হামলা চালিয়ে আবুল কালামকে (২৮) হত্যা করে।
এসময় তার স্ত্রী আনোয়ারা খাতুনকেও (২৫) কুপিয়ে জখম করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। নিহত কৃষক আবুল কালাম পাঁকা গ্রামের মৃত খোকাই বিশ্বাসের ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, কৃষক আবুল কালাম স্ত্রী আনোয়ারা খাতুনকে নিয়ে রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাত ১১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে আক্রমন করে এবং ঘুমন্ত কালামকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এসময় তার স্ত্রী আনোয়ারাকেও কুপিয়ে জখম করা হয়।
খবর পেয়ে রাতেই ওসি ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শনসহ নিহত কালামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানাতে নেন। পূর্ব শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। হত্যার মোটিভ উদ্ধার ও খুনিকে গ্রেফতারে পুলিশ জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ওসি।
