রাবার ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নেয় জঙ্গিরা

আপডেট : ১৭ মার্চ ২০১৭, ০৯:৩৩
 
সীতাকুণ্ডের প্রেমতলায় ছায়ানীড় নামের বাসাটি প্রায় দুই মাস আগে ভাড়া নেয় জঙ্গিরা। তখন তারা নিজেদেরকে রাবার ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিল। 
বাড়ির মালিকের ছেলে মো. মহিউদ্দিন সাংবাদিকদের জানান, গত দুই মাস আগে দুই ব্যক্তি বাসা ভাড়া নেওয়ার জন্য আসে। তারা নিজেদেরকে শালা-দুলাভাই পরিচয় দিয়ে জানায়, কক্সবাজারের রামুতে তাদের রাবার বাগান রয়েছে। ঢাকা ও চট্টগ্রামে তারা রাবারের ব্যবসা করে। বর্তমানে সীতাকুণ্ডেও তারা এই ব্যবসা করতে চায়। তাই এখানে তাদের বাসা ভাড়া নিতে হবে। কথাবার্তা শুনে বিশ্বাস হয় বাড়ির মালিক রেহানা বেগমের। মাসে ৬ হাজার টাকা ভাড়ায় ছায়ানীড় ভবনের নিচের তলার উত্তর দিকের একটি ফ্ল্যাট ভাড়া নেয় কথিত দুই রাবার ব্যবসায়ী।
 
মহিউদ্দিন আরো জানান, ভাড়া দেওয়ার সময় শর্ত ছিল যে তারা এখানে কোনো ব্যবসায়িক কর্মকাণ্ড করতে পারবে না। বাসায় কোনো জিনিসপত্র রাখা যাবে না। কীভাবে তারা এত বিপুল পরিমাণ বিস্ফোরক বাসায় এনেছে তা মহিউদ্দিন জানেন না বলে জানান। তবে তার ধারণা সীতাকুণ্ডে এখন হিন্দু সম্প্রদায়ের দোল উৎসব উপলক্ষে মেলা চলছে। মেলার ভিড়ে হয়তো লোকজনের চোখে পড়বে না, এমন ধারণা থেকেই তারা বাসায় বিস্ফোরকের বিশাল মজুদ ঘটিয়ে থাকতে পারে।