অ্যান্ডি ওয়ারহোলের আঁকা মাও সেতুংয়ের ছবি উঠেছে নিলামে

আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১২:৫৯
মার্কিন পপ আর্ট শিল্পী অ্যান্ডি ওয়ারহোলের আঁকা চীনের কমিউনিস্ট পার্টির নেতা মাও সেতুংয়ের একটি প্রতিকৃতি নিলামে তুলেছে হংকং। ধারণা করা হচ্ছে যে এটিকে প্রত্যাবর্তনের স্মারক হিসেবে চীনারাই কিনে নিতে পারেন। 
 
মেরিলিন মনরো এবং ক্যাম্পবেল স্যুপের ছবি ছাড়াও ওয়ারহোলের আঁকা এ বিখ্যাত প্রতিকৃতিটির মাধ্যমে চীনা এই কমিউনিস্ট নেতা বিশেষভাবে অমর হয়ে আছেন। 
 
মাও এর ছোট্ট লাল বইতে পাওয়া একটি ছবির উপর ভিত্তি করে এই প্রোট্রেট আঁকেন ওয়ারহোল, যেটিকে বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত প্রতিকৃতি হিসেবে ধরা হয়।
 
নিলামকারীরা আশা করছেন মাও এর এ দুর্লভ প্রতিকৃতিটি প্রায় ১৫ মিলিয়ন মার্কিন ডলার বা ১২০ কোটি টাকার উপরে বিক্রি হতে পারে। 
 
ওয়ারহোল ১৯৭২ সালের দিকে মাওকে নিয়ে সিল্কের উপর প্রতিকৃতি আঁকা শুরু করেন, যখন চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শীতল সম্পর্ক উষ্ণ করতে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন বেইজিং সফর করেন। বিবিসি।