চৌহালীতে এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৬:১৩

সিরাজগঞ্জে চৌহালীতে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। চৌহালী সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে তার কলেজে অধ্যায়নরত এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্রের জন্য জনপ্রতি ৫০০ টাকা করে আদায় করেছেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

জানা যায়, এবার এইচএসসি পরীক্ষায় চৌহালী উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১৬জন অংশগ্রহণ করছেন। এর মধ্যে ঐতিহ্যবাহী চৌহালী ডিগ্রি কলেজের ৩৭৯ জন শিক্ষার্থী রয়েছেন। তবে এদের কাছ থেকে পরীক্ষার প্রবেশপত্র গ্রহণ বাবদ ৫০০ করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। 

পরীক্ষার্থী রোজিনা খাতুন অভিযোগ করে বলেন, ‘আমাদের কাছ থেকে অনেকটা জিম্মি করেই টাকা আদায় করছেন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। টাকা না দিলে প্রবেশপত্র মিলবে না বিধায় দিতে বাধ্য হচ্ছি। এভাবেই প্রত্যেক ছাত্র-ছাত্রী টাকা দিয়ে প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিচ্ছেন। এছাড়া ফরম পুরণে ভুল করায় প্রবেশপত্র না আসায় আরও ২২ জনের কাছ থেকে ১৫শ থেকে ২৫শ করে টাকা জোড় করে আদায় করেছেন। আমার কাছ থেকেও ১৫শ টাকা অতিরিক্ত নিয়েছেন শিক্ষকরা।’ একই কথা জানিয়েছেন পরিক্ষার্থী সোহেল রানা ও রাসেল আহমেদ। 

তারা অভিযোগ করে জানান, ‘শিক্ষা গ্রহণে শিক্ষকদের দ্বারা যদি দুর্ভোগের শিকার হতে হয় তাহলে আমরা প্রকৃত শিক্ষা কার কাছ থেকে নেব। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার।’

আরও পড়ুন: বহুতল ভবনে আগুন থেকে রক্ষার বিষয়ে প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট

চৌহালী সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘নানা কারণে টাকা খরচ হয় বলেই কিছু-কিছু করে টাকা নেওয়া হয়েছে। তবে সেটা সামান্য।’

এদিকে, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু তাহির বলেন, ‘প্রবেশপত্র দিয়ে টাকা নেওয়ার নিয়ম নেই। বিষয়টি ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’

ইত্তেফাক/কেকে