ফেনীর সোনাগাজী উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর পাঁচটার দিকে উপজেলার ছাড়াইত কান্দি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা ডাকাত বলে পুলিশকে আক্রমণ করে। আত্মরক্ষায় পুলিশ সদস্যরাও গুলি ছোড়ে। উভয়পক্ষের সংঘর্ষে পুলিশের এএসআই কামরুল হুদা, এএসআই নুর মোহাম্মদ, সোহাগ মল্লিক, জহির উদ্দিনসহ ছয় পুলিশ সদস্য আহত হন।
গুলিবিদ্ধ অবস্থায় ফকির আহম্মদ নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া এ সময় আলাউদ্দিন ও মহিউদ্দিন নামে আরো দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বেলা ১২টার দিকে ওই হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান ফকির আহম্মদ।
ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ১০ কেজি গাঁজা, ইয়াবা ট্যাবলেট, হেরোইন, বিদেশি মদ, মাদক বিক্রির পাঁচ হাজার টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
