তিনধাপ বেষ্টনী ডিঙ্গিয়ে হোয়াইট হাউজে ঢুকেছিলো অনুপ্রবেশকারী

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৪:৫২
হোয়াইট হাউজে গত ১০ মার্চ অনুপ্রবেশের চেষ্টার সময় আটক তরুণ লাফিয়ে লাফিয়ে তিনটি নিরাপত্তা বেষ্টনী পার হয়েছিলেন। এ ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছে মার্কিন ফেডারেল আইন বাস্তবায়নকারী সংস্থা ইউএস সিক্রেট সার্ভিস। সংস্থাটি জানিয়েছে, অনুপ্রবেশকালে হোয়াইট হাউজ থেকে মাত্র কয়েক কদম দূরে ১৬ মিনিট ধরে অবস্থান করেছেন জোনাথন ট্রান নামের ওই তরুণ।
 
সিক্রেট সার্ভিসের দেয়া শুক্রবারের বিবৃতিতে বলা হয়, ১০ মার্চের ওই ঘটনা নিয়ে সিক্রেট সার্ভিস প্রচণ্ড হতাশ ও ক্ষুব্ধ। পরবর্তীতে যেন কোনও নিরাপত্তাজনিত ফাঁকফোকর না থাকে সেজন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনা নিয়ে ৫০ জনের বেশি মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ঘটনার দিন জোনাথন ট্রান ইউএস ট্রেজারি বিভাগের কাছের ৫ ফুট উচ্চতার নিরাপত্তা বেষ্টনী পার হন। এরপর ৮ ফুট উচ্চতার একটি গেইট পার হয়ে হোয়াইট হাউজের কাছাকাছি আরেকটি বেষ্টনী পার হন।
 
উল্লেখ্য, ১০ মার্চ মধ্যরাতে এক সন্দেহভাজন তরুণ হোয়াইট হাউজের দক্ষিণের সীমানা প্রাচীর অতিক্রম করে ভেতরে ঢুকে পড়ে। মূল ভবন থেকে অল্প কিছু দূরে থাকতেই তাকে আটক করা হয়। সেসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজেই ছিলেন। এ ঘটনার পর প্রেসিডেন্টের নিরাপত্তা আরও জোরদার করা হয়। ওই সন্দেহভাজনের পিঠে একটি ব্যাগ ছিল। তবে ওই ব্যাগে কোনও অস্ত্র বা সন্দেহজনক বস্তু ছিল না বলে সিক্রেট সার্ভিস জানিয়েছে। অনুপ্রবেশকারীকে গ্রেফতারের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প সিক্রেট সার্ভিসের প্রশংসা করেন।
IMG0
সিক্রেট সার্ভিস জানিয়েছে, গোয়েন্দারা হোয়াইট হাউজে তল্লাশি চালিয়েছে, তবে সেখানে সন্দেহজনক কিছু খুঁজে পাওয়া যায়নি। অনুপ্রবেশকারী ওই তরুণকে এখন ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। বিবিসি।