তুর্কি পত্রিকায় হিটলার রূপে মার্কেলের বিকৃত ছবি

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৮:৫১
কূটনৈতিক টানাপড়েনের মধ্যে তুরস্কের সরকার ঘনিষ্ঠ একটি সংবাদপত্রে অ্যাঙ্গেলা মার্কেলের বিকৃত একটি ছবি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট বলছে, জার্মান চ্যান্সেলর মার্কেল তুরস্ককে ‘নাৎসিদের নিয়ে তুলনা দেওয়া’ বন্ধ করতে আহ্বান জানানোর প্রতিক্রিয়ায় ডানপন্থি ট্যাবলয়েড সান তাদের শুক্রবারের সংখ্যায় হিটলারবেশী মার্কেলের ওই ছবি ছাপে। 
 
প্রথম পাতায় প্রকাশিত ছবিটিতে মার্কেলকে পরানো হয়েছে নাৎসি সামরিক পোশাক; গলায় আর বাম হাতের বাহুতে স্বস্তিকা চিহ্ন, ডানহাতে পিস্তল। মার্কেলের মুখেও লাগানো হয়েছে হিটলারের ‘ট্রেডমার্ক’ গোঁফ; দাঁড়ানো হিটলারবেশী মার্কেলের পাশে আরও বড় স্বস্তিকা চিহ্ন। এরপরও যদি কারও বুঝতে বাকি থাকে, তার জন্য পাশেই বড় বড় হরফে লেখা আছে ‘মিসেস হিটলার’। ছবির সঙ্গে দেওয়া নিবন্ধে মার্কেলকে বেশ কয়েকবার ‘আগলি আন্ট’ নামেও ডাকা হয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের মধ্যে মার্কেলের এই ছবি নতুন করে বিতর্ক উসকে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
 তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের সমর্থনে জার্মানিতে শোভাযাত্রা বের করার অনুমতি নিয়ে ওই টানাপড়েন শুরু হয়। শোভাযাত্রায় তুরস্কের মন্ত্রীদেরও অংশ নেওয়ার কথা ছিল। গত বছরের জুলাইয়ে ব্যর্থ অভ্যুত্থানের পর এরদোয়ানকে আরও বেশি ক্ষমতা দিয়ে সংবিধান সংশোধনে আগামী মাসে তুরস্কে হতে যাওয়া একটি গণভোটের সমর্থনে ওই শোভাযাত্রা হওয়ার কথা।
 
 সংশোধনীটি গৃহীত হলে এরদোয়ান ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন। জার্মানিতে প্রায় ১৪ লাখ তুর্কি নাগরিকের বাস। গণভোটে তাদের অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নেদারল্যান্ডসেও একই ধরনের একটি শোভাযাত্রা করতে চেয়েছিল এরদোয়ানের সমর্থকরা। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে কোনো দেশই শোভাযাত্রা করার অনুমতি দেয়নি। এতে তীব্র প্রতিক্রিয়া দেখায় তুরস্কের সরকার।