র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা

আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৯:০৮
রাজধানীর আশকোনা হাজি ক্যাম্প সংলগ্ন র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে শুক্রবার আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে বিমানবন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে দায়েরকৃত ওই মামলায় অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে। মামলা নম্বর ২১। 
 
র‌্যাব সদর দফতরের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বাসসকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
উল্লেখ্য, শুক্রবার দুপুরে হামলার উদ্দেশে বোমা বহনকারী এক যুবক সীমানা প্রাচীর টপকে র‌্যাব ফোর্সেস অস্থায়ী ক্যাম্পে প্রবেশের চেষ্টা করেন। এসময় র‌্যাব সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে ঘটনাস্থলেই বিস্ফোরণ ঘটান ২৫ বছর বয়সী ওই যুবক। এতে ঘটনাস্থলেই মারা যায় ওই বোমাবহনকারী যুবক। আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২ র‌্যাব সদস্য আহত হন। তারা হলেন পুলিশ কনস্টেবল আরিফ ও সেনাবাহিনীর লেন্স কর্পোরাল মিজানুর রহমান। 
 
এদিকে,আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৩ সদস্যের মেডিকেল বোর্ড বোমা বহনকারী আত্মঘাতী নিহত জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন করেন।
মেডিকেল বোর্ডের প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের জানিয়েছেন, হামলাকারীর দেহ থেকে বুক ও পেটের অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। বিস্ফোরণে উড়ে গেছে তার দুই হাতের কনুই পর্যন্ত। মরদেহের ডিএনএ পরীক্ষার জন্য দাঁত, চুল এবং ভিসেরা সংগ্রহ করা হয়েছে। তিনি আরও জানান, মরদেহের বুক ও পেটে বেল্ট এবং ইলেকট্রিক তার পাওয়া গেছে। তার বুকে বা পেটে বোমাটি বাঁধা ছিল। -বাসস।