উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি থেকে ৫ বার নির্বাচিত সংসদ সদস্য ও গোরক্ষনাথ মন্দিরের প্রধান পুরোহিত যোগী আদিত্য নাথ। রবিবার প্রদেশের রাজধানী লখনৌতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
৪৬ বছরের যোগী আদিত্যনাথ কট্টরবাদী হিসেবে পরিচিত। প্রথম থেকে কোথাও তিনি মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন না। সূত্রের খবর, এরই পাশাপাশি উপ-মুখ্যমন্ত্রী পদে আসছেন বিজেপির রাজ্য সভাপতি কেশবপ্রসাদ মৌর্য এবং দীনেশ শর্মা। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোজ সিনহা, বিজেপির রাজ্য সভাপতি কেশবপ্রসাদ মৌর্য, রাজনাথ সিংহ, স্বতন্ত্রদেব সিংহ, সতীশ মাহানা এবং সুরেশ খান্নার মতো নেতাদের নাম উঠে এলেও তাঁদের এড়িয়ে এক জন কট্টরবাদীকে শেষমেশ মুখ্যমন্ত্রী হিসেবে স্থির করায় দলের একাংশের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
ভোটের ফল ঘোষণার পর থেকেই উত্তরপ্রদেশের গুরুদায়িত্ব কার হাতে দেওয়া হবে তা নিয়ে জল্পনা চলছিল। বিজেপির অন্দরমহলেও এই নিয়ে ধোঁয়াশা ছিল। শুক্রবার মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের দিন ক্ষণ ঘোষণা করে ফেললেও ওই দিন রাত পর্যন্ত মুখ্যমন্ত্রীর নাম জানাতে পারেনি বিজেপি শিবির। তা স্থির করতে শনিবার সকাল থেকেই তৎপর হয়ে ওঠে বিজেপি।
শনিবার বিকেল ৫টায় লখনৌয়ের দলের বিধায়কদের নিয়ে একটি বৈঠক ডাকেন বিজেপি নেতারা। বিশেষ বিমানে লখনৌয়ে উড়িয়ে আনা হয় যোগী আদিত্যনাথকে। তাঁর সঙ্গে বৈঠকে যোগ দিতে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি কেশবপ্রসাদ মৌর্য। তবে দলের বিধায়কদের নিয়ে বৈঠক শুরুর আগে লখনৌয়ের ভিভিআইপি গেস্টহাউসে কেশবপ্রসাদ মৌর্য, আদিত্যনাথ এবং অনুপ্রিয়া পাটেলকে নিয়ে একদফা বৈঠক সেরে নেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। তার পরই দলের সমস্ত বিধায়কের সঙ্গে আলোচনা সেরে যোগী আদিত্যনাথের নাম স্থির করে বিজেপি। এনডিটিভি ও আনন্দবাজার।
