শ্যামনগর উপজেলা বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৭:২২
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ঠিকাদার আশেক এলাহী মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আশেক এলাহি মুন্না উপজেলার ইসমাঈলপুর গ্রামের মৃত ইসরাফিল মাষ্টারের ছেলে। 
 
শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আশেক এলাহি মুন্নার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান, সম্প্রতি তিনি ভেজাল ইট দিয়ে একটি রাস্তার কাজ করার সময় স্থানীয় বাসিন্দা মোস্তফা তাতে বাঁধা প্রদান করেন। 
 
এতে ক্ষিপ্ত হয়ে আশেক এলাহি মুন্না মোস্তফাকে মারপিট করে গুরুতর জখম করে। এ ঘটনায় তিনি শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলারও তিনি গ্রেপ্তারী পরোয়ানার আসামী। গ্রেপ্তারকৃত আশেক এলাহি মুন্নাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।