নীলফামারীতে ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটানোর মামলায় এজাহারভুক্ত আসামি আজিজুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নীলফামারী জেলা জামায়াতের সাবেক আমীর এবং জলঢাকা আইডিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ।
জানা যায় মঙ্গলবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জেলা জামায়াতের সাবেক আমীর জামিন চাইলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
উল্যেখ্য, ২০১৪ সালে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জেলার জলঢাকা উপজেলার ব্রাক্ষ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, ব্যালট বাক্স ছিনতাই ও বিস্ফোরনের ঘটনা ঘটে।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার উক্ত জামায়াত নেতাকে একমাত্র নামীয় আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং- জিআর-০৩/১৪।
পুলিশ দীর্ঘ তদন্ত শেষে গত বছর এ মামলার চার্জশিট দাখিল করে। দীর্ঘ তিন বছর পর তিনি মঙ্গলবার আদালতে আত্বসমর্পন করে জামিন প্রার্থনা করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।
ইত্তেফাক/নূহু
