জরাজীর্ণ সকল সরকারি ভবন সংস্কার করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। দেশের মহাসড়ক নির্মাণ পরিকল্পনায় মহাসড়কের পাশে জলাধার ও মন্থরগতির যানবাহন বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর চলাচল উপযোগী সাইড লেন রাখার নির্দেশও প্রদান করেন তিনি। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী জানান, আমাদের বালুতে মূল্যবান প্রচুর খনিজ পদার্থ রযেছে। বালু থেকে খনিজ পদার্থ আহরণে সম্ভাব্য লাভক্ষতি কিংবা বিরূপ প্রভাব কি হতে পারে তা পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজনীয়তার ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন।
গতকাল একনেক সভায় ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি প্রকল্পসহ ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পসমূহের প্রাক্কলিত ব্যয় এক লাখ ২৩ হাজার ৩৪ কোটি টাকা। এরমধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন (জিওবি) ১ লাখ ৪ হাজার ১৮৬ কোটি ৭৭ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ১৮ হাজার ৮শ’ ৪৭ কোটি ২৩ লাখ টাকা।
সভায় ১ লাখ ১৫ হাজার ৪৮৬ কোটি টাকা ব্যয়ে ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ১৮ হাজার ৮৪৭ কোটি টাকা বৈদেশিক সহায়তা আকারে পাওয়া যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় স্বাস্থ্য ও জনসংখ্যা সেক্টরে ১৯৯৮ সালে প্রথম এই কর্মসূচি শুরু হয়। যার তিনটি ধাপ পর্যায়ক্রমে ২০১৬ সালে শেষ হয়েছে। এই উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার্থে জানুয়ারি ২০১৭ থেকে ২০২২ সালের জুন মেয়াদে ‘৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি’ বাস্তবায়নের জন্য গতকাল অনুমোদন দেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, সচেতনতামূলক কর্মকাণ্ড ছাড়াও প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, ব্যবস্থাপনা ও কাঠামোগত উন্নয়নসহ মনিটরিং, গবেষণা খাতে অর্থব্যয় করা হবে।
সভায় ৪ হাজার ৬৪০ কোটি টাকা ব্যয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া ১ হাজার ৮০৫ কোট ৫৪ লাখ টাকা ব্যয়ে সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সমপ্রসারণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ২০০টি সরকারি কলেজে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে অবকাঠামোগত প্রাতিষ্ঠানিক সুবিধাদির সম্প্রসারণ, তথ্য-প্রযুক্তিগত ও বিজ্ঞান গবেষণার সুযোগ বৃদ্ধি করা হবে। সভায় ৭৩ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের অধীনে ইন্সটিটিউট অব মাইনিং, মিনারোলজি এন্ড মেটালুর্গ্রি (আইএমএমএম) একটি খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্র প্রতিষ্ঠাকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে জয়পুরহাটে অবস্থিত ইনস্টিটিউট অব মাইনিং মিনারোলজি এন্ড মেটালার্জিতে একটি খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করা হবে। এর মাধ্যমে আধুনিক এবং উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে খনিজ বালু প্রক্রিয়াকরণের গবেষণা সুবিধা বাড়ানো হবে। সেইসাথে বিভিন্ন নদীতটের বিশেষ করে ব্রহ্মপুত্র নদের বালু থেকে ভারি এবং হালকা খনিজ কণিকা পৃথকীকরণ ও পৃথককৃত খনিজ কণিকাকে শিল্পে ব্যবহারের উপযোগী করার জন্য গবেষণা কাজ চালানো হবে। পরিকল্পনা মন্ত্রী জানান, আমাদের বালুতে মূল্যবান প্রচুর খনিজ পদার্থ রয়েছে। বালু থেকে খনিজ পদার্থ আহরণে সম্ভাব্য লাভ-ক্ষতি কিংবা বিরূপ প্রভাব কি হতে পারে তা পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয়তার ওপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন। সভায় প্রায় ৩২৯ কোটি টাকা ব্যয়ে যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক যথাযথ মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প, ১৫৭ কোটি টাকা ব্যয়ে বগাছড়ি-নানিয়ারচর-লংগদু সড়কের চেংগী নদীর উপর ৫০০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প, ২৪৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ঢাকা শহরে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ঢাকার মতিঝিলে প্রতিটি ২০ তলা বিশিষ্ট ৮টি ভবনে মোট ৬০৮টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। সেইসাথে পুকুর, খেলার মাঠও থাকবে।
ইত্তেফাক/নূহু
