উত্সবমুখর পরিবেশে গত সোমবার উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী, আওয়ামী লীগ বিদ্রোহী এবং স্বতন্ত্রসহ সংরক্ষিত মহিলা ও সাধারণ ওয়ার্ড সদস্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ৪ ইউনিয়নে মোট ১৭৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত মহিলা আসনে ৩৫ জন এবং সাধারণ সদস্য পদে ১১৮ জনসহ মোট ১৭৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন— ডুমাইন ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. খুরশিদ আলম মাসুম, আড়পাড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বদরুজ্জামান বাবু, মেগচামী ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাসান আলী খান এবং কামালদিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুল বাসার।
বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা হলেন— ডুমাইনে ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বেলালউদ্দিন, আড়পাড়া ইউনিয়নে উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রভাষক মো. জাকির হোসেন মোল্যা, মেগচামী ইউনিয়নে থানা বিএনপির সদস্য শেখ সবুজ ও কামালদিয়ায় ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. কামালউদ্দিন শেখ।
এদিকে তিন ইউনিয়নে মনোনয়নপত্র জমাদানকারী আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থী হলেন— ডুমাইনে উপজেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান শাহ্ আছাদুজ্জামান তপন, কামালদিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা আকসুর সাবেক এজিএস ওয়ালিদ হাসান মামুন এবং মেগচামী ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক মো. শাহিদুজ্জামান সুইট, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ এবং ১৬ এপ্রিল ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/নূহু
