বগুড়ার ধুনট উপজেলায় শিপন সরকার (২৫) নামে এক তাঁত শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্বজনরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিপন সরকার ধুনট উপজেলার উজালশিং গ্রামের গোলাই সরকারের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিপন সরকার তাঁত কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সংসারের অভাব-অনটন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। দাম্পত্য কলহের জের ধরে গত শনিবার সকালে দিকে অভিমান করে স্বামীর বাড়ি ছেড়ে চলে যান স্ত্রী।
এ বিষয় নিয়ে উভয় পরিবারের মধ্যে সমঝোতার বৈঠক হয়েও বিরোধ মিমাংসা করতে ব্যর্থ হন অভিভাবকরা। অনেক চেষ্টার পরও অভিমানী স্ত্রী ঘরে ফিরে না আসায় ক্ষুদ্ধ হয়ে বুধবার দিবাগত রাতের কোনো এক সময় শয়ন কক্ষের ধর্ণার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শিপন।
বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ঘরের দরাজা বন্ধ থেকে পরিবারের লোকজনের মনে সন্দেহ হয়। পরে দরজা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে শিপনের ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্বজনরা।
ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে শিপন সরকারের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়ে তার পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
