এখন শঙ্কামুক্ত খুরশীদ আলম

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২০:৪৭

বিনোদন রিপোর্ট

 

সড়ক দুর্ঘটনায় পড়ে সম্প্রতি গুরুতর আহত হন বরেণ্য সঙ্গীতশিল্পী খুরশীদ আলম। বর্তমানে রাজধানীর গ্রিনলাইফ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন তিনি। তবে এখন তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার ছোট ভাই সারোয়ার আলম মামুন। তিনি বলেন, ‘শনিবার রাতে তার দাঁত এবং মুখের এক্স-রে হয়েছে। এখনো রিপোর্ট পাওয়া যায়নি। তবে ভয়ের কারণ নেই বলে চিকিত্সক জানিয়েছেন। আর সিটি স্ক্যান করা হবে। সব রিপোর্ট পাওয়ার পরই তার চিকিত্সার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। দোয়া করবেন যেন তিনি খুব শিগগির সুস্থ হয়ে উঠতে পারেন।’

২৯ মার্চ বগুড়া-রংপুর মহাসড়কে মালবাহী ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে খুরশীদ আলম আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।  হাসপাতালের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, দুর্ঘটনায় মাথা, মুখ ও দাঁতে বেশি আঘাত পান সঙ্গীতশিল্পী খুরশীদ আলম। বগুড়ার সংগঠন জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের এক সম্মাননা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শুক্রবার বগুড়ায় যান এই সঙ্গীতশিল্পী।