বিনোদন ডেস্ক
এবার সরাসরি নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার অভিনীত সিনেমা ‘কলঙ্ক’র প্রচারণার সময় তিনি গণমাধ্যমের সাথে সরাসরি এ বিষয় নিয়ে আলোচনা করেন। ‘কলঙ্ক’ সিনেমাতে আরো অভিনয় করেছেন আলিয়া ভাট, বরুণ দেওয়ান, মাধুরী দীক্ষিত প্রমুখ। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে বিয়ের বিষয়ে জানতে চাওয়া হয় আলিয়ার কাছে। সেই প্রশ্নের উত্তরের পর সোনাক্ষীও একই প্রশ্নের উত্তরে বলেন, ‘বরুণ ও আলিয়ার আগেই আমি বিয়ে করবো। বিয়ের জন্য একজন সঠিক পাত্রের অনুসন্ধানে আছি আমি। মিলে গেলেই এবার বিয়ের পর্বটা শেষ করতে চাই।’
তারকারা বিভিন্ন সময় প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনায় আসেন। সেই তালিকায় সোনাক্ষী থাকলেও খুব বেশি আলোচনা ছিল না। প্রেম প্রসঙ্গে সোনাক্ষী বলেন, ‘কোনোকিছুর লুকোচুরি করতে আমি পারি না। বিয়েটাও সবাইকে জানিয়েই করা হবে। আর প্রেম নিয়েও বলার মতো কিছু নেই আমার।’ সালমান খানের সাথে একবার প্রেমের গুঞ্জন ওঠে সোনাক্ষীর। তিনি বলেন, ‘সালমান খান আমার কাছের মানুষ। বলিউডে এখনো সবচেয়ে তার সাথে ও তার প্রডাকশনের সাথে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি। আর সেটিকে কেউ প্রেম বললে ভুল।’ শিগগিরই সোনাক্ষী অভিনীত ‘কলঙ্ক’ ছবিটি মুক্তি পাবে।
