অধিকার কর্মী এবং সরকারের সমালোচক কেম লেইকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কম্বোডিয়ার আদালত। গত বছর রাজধানী নমপেনে একটি ক্যাফেতে গুলি করে হত্যা করা হয় কেম লেইকে। এ ঘটনা কম্বোডিয়ার মানুষকে মর্মাহত করেছিল।
হত্যাকারী চৌব সামলাব স্বীকার করেছেন অর্থের বিনিময়ে তিনি কেম লেইকে খুন করেছিলেন। অধিকার কর্মীরা মনে করেন সরকারের কঠোর সমালোচনা করায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। অধিকার কর্মীদের হত্যা প্রায়ই কম্বোডিয়ায় ঘটে থাকে। তিন দশক ধরে কম্বোডিয়া শাসন করা হুন সেনের বিরুদ্ধে দিন দিন কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠার অভিযোগ রয়েছে।
আগামী বছর কম্বোডিয়ায় জাতীয় নির্বাচন। সম্প্রতি সেখানে এমন একটি আইন করা হয়েছে যাতে কোনো দলের নেতা যদি ফৌজদারি মামলায় দণ্ড পায় তবে তার দলকে বিলোপ করার বিধান রয়েছে। কেম লেই আগামী দিনের জন্য পরিচ্ছন্ন রাজনীতির কথা বলতেন। মৃত্যুর কয়েকদিন আগে তিনি হুন সেন এবং তার পরিবারের ব্যবসা সংক্রান্ত একটি রিপোর্টে মন্তব্য করেছিলেন।
বিবিসি।
ইত্তেফাক/নূহু
